বৃহত্তর ময়মনসিংহ বিভাগে আজ তিন জেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে, দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এবং দুপুর ২টায় গাজীপুরের জয়দেবপুর রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এদিকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে। ভোর থেকেই মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেন।
কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। দলমত নির্বিশেষে জামায়াত আমিরের বক্তব্য শুনতে মানুষ সমাবেশে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনের আগে জামায়াত আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



