এবার ভোক্তা
পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি
এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দর ঘোষণা
করেছেন। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে।বিজ্ঞপ্তিতে বিইআরসি
জানিয়েছে, জুন মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা
কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তাছাড়া অটোগ্যাসের
দামও কমানো হয়েছে। ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৬
টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।পুরো মে মাসে দেশের বাজারে অপরিবর্তিত রাখা
হয়েছিল এলপি গ্যাসের দাম।কিন্তু এপ্রিলে দুইবার সমন্বয় করা হয়েছিল এলপি গ্যাসের
দাম। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার
৭২৮ টাকা। এরপর আবার গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১
হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
এলপিজি তৈরির
মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির
এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো
মূল্য (সিপি) নামে পরিচিত।
এই সৌদি সিপিকে
ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান
মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।




