নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী প্রচারণার ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা রোধ করতে ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহর প্রচার কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের প্রার্থীদের, বিশেষ করে জামাতের ব্যানার ও পোস্টার চুরি এবং ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই নিজের উদ্যোগে ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
খোঁজে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচনী ব্যানারের ওপর একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একইভাবে পৌর এলাকার মাদরাসা কেন্দ্রে ও অন্যান্য ব্যানারের ওপর সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে দুষ্কৃতকারীরা ব্যানার ক্ষতিসাধন করতে নিরুৎসাহিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নোয়াখালী জেলা জামাতের প্রচার সেলের প্রধান ডাক্তার বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং প্রশাসনকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ বলেন, “নির্বাচনী প্রচারণার ব্যানার বারবার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। প্রশাসনের কার্যকর ব্যবস্থা না পাওয়ায় বাধ্য হয়ে ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করেছি।
সোনাইমুড়ী উপজেলার ইউএনও নাছরিন আকতার বলেন, “নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সব অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। প্রতিটি অভিযোগ সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।



