দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেম করছেন। যদিও তাঁরা দাবি করেছেন, ‘শুধুই সহকর্মী হিসেবে বন্ধু, এর বেশি কিছু নয়।’ সম্প্রতি একটি ছবি পোস্ট করে নতুন গুঞ্জন শুরু হয়েছে।
ছবিতে বর সেজে আছেন আরশ খান এবং বধূ সুনেরাহ। আরশ ছবিটির সঙ্গে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ নেটিজেনরা ধারণা করছেন, এটি তাদের বিয়ের ছবি। পোস্টের পর নেটদুনিয়ায় অভিনন্দনের বন্যা বইছে। কেউ লিখেছেন, ‘নির্বাচনের আগে কামডা সেরে ফেললেন ভাই, শুভকামনা রইল আপনার জন্য,’ আবার অনেকে দ্বিধা প্রকাশ করেছেন।
তবে ছবিটির প্রকৃত বিষয় এখনও নিশ্চিত করেননি আরশ। নেটিজেনদের বড় অংশ মনে করছেন এটি কোনো নাটকের স্থিরচিত্র।
আরশের মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এ সময়ে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে প্রশংসিত হয়েছেন। এক বছর ধরে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি হয়ে। এর আগে গত ডিসেম্বরে একসঙ্গে রোমান্টিক একটি ছবি পোস্ট করেছিলেন সুনেরাহ, তখনও গুঞ্জন শুরু হয়েছিল।


