স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, তা সরেজমিন যাচাই করা হবে। তিনি বলেন, “সবারকে জবাবদিহি করতে হবে এবং আমাদের কার্যক্রম দ্বারা যেন জনসাধারণ উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমরা কোনো সিন্ডিকেটকে সুবিধা দেব না।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী সকলকে সমানভাবে সেবা প্রদান করতে হবে। “প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের পক্ষে বা বিপক্ষে ভোট দিয়েছেন, সবাই সমান। তাই সবাইকে সমানভাবে সেবা দিতে হবে।”
সভায় স্বাস্থ্য সচিব সাইদুর রহমান সভাপতিত্ব করেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


